আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য খুব বেশি নেই। ২০০৯ সালে শুরু হওয়া এ বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা প্রথমবার অংশ নেয় ২০১৪ সালে। প্রথমবার দুটি ম্যাচ জিতলেও পরের চারটি আসরে টানা কেবল হেরেছে। ২০২৪ সালে এক ম্যাচ জিতে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসে বাংলাদেশের মেয়েরা। আরও একটা বিশ্বকাপ সামনে। ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে এবারের নারী টি-২০ বিশ্বকাপ। এই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার জন্য নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১০ দলের লড়াই শুরু হয়েছে গতকাল থেকে। এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে নিগার সুলতানারা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে শেষ হয় যুক্তরাষ্ট্রের মেয়েদের ইনিংস।
নেপালের রাজধানী কাঠমান্ডুর মুলপানি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নেমে দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করেন বাংলাদেশের মেয়েরা। দিলারা আক্তার ৮ বলে ১৭ রান করে আউট হলেও শারমিন আক্তার ৩৯ বলে ৬৩ রান করে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। জুয়াইরিয়া ২৩ বলে ১৭ রান করেন। এ ছাড়াও সোবহানা মোশতারী ৩২ এবং স্বর্ণা আক্তার ১৬ রান করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে মাহি মাধবন ৩টি ও ইসানি ২টি উইকেট শিকার করেন। যুক্তরাষ্ট্রের ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান করেন চেতনা। এ ছাড়াও রিতু ৩৩ ও দিশা ২৩ রান করেন। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ৪টি, রিতু মণি ৩টি ও রাবেয়া খান ২টি করে উইকেট শিকার করেন। ম্যাচসেরার পুরস্কার জয় করেন শারমিন আক্তার। বাংলাদেশের মেয়েরা কাল পাপুয়া নিউগিনির মুখোমুখি হবেন।
গতকাল বাংলাদেশের গ্রুপে জয় পেয়েছে আয়ারল্যান্ডও। তারা পাপুয়া নিউগিনিকে ৪১ রানে পরাজিত করেছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে আইরিশ মেয়েরা। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৫ রান করে পাপুয়া নিউগিনি। ম্যাচসেরা হন আয়ারল্যান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট। তিনি ব্যাট হাতে ৫৬ রান করার পাশাপাশি ফিল্ডিংয়ে দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ লুফে নেন। এ ছাড়াও বি গ্রুপের ম্যাচে জয় পেয়েছে থাইল্যান্ড ও নেদারল্যান্ডস। স্বাগতিক নেপালকে ৮ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে নেপাল ২০ ওভারে ১২২ রান করে অলআউট হয়। জবাবে ১৬.৫ ওভারে ২ উইকেটে ১২৫ রান করে জয় তুলে নেয় থাই মেয়েরা। নেদারল্যান্ডস ২২ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডসের মেয়েরা ১৯ ওভারে ১২২ রান করে অলআউট হয়। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান করে জিম্বাবুয়ের মেয়েরা।
বিশ্বকাপ বাছাইপর্বে ১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে দল সুপার সিক্সে খেলবে। এই ছয় দলের লড়াইয়ের পর শীর্ষ চারটি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করবে। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় নারী টি-২০ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলবে ইংল্যান্ড। এ ছাড়াও গত বিশ্বকাপের র্যাঙ্কিং অনুযায়ী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ খেলবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। আইসিসি নারী টি-২০ র্যাঙ্কিংয়ের হিসাবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মেয়েরাও সরাসরি খেলবে চূড়ান্ত পর্ব।