আগামী ১৫ মার্চ বার্সেলোনার ক্লাব সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও সমর্থকদের বড় তারকা কেনার স্বপ্ন দেখাচ্ছেন না সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা। কাতালান ক্লাবটির বর্তমান তরুণ তারকাদের ওপর আস্থা রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ক্লাবের আর্থিক অবস্থার উন্নতি হলেও আগামী গ্রীষ্মকালীন দলবদলে বড় কোনো ফুটবলার কেনার পরিকল্পনা নেই বলে জানান তিনি।

লাপোর্তা বলেন, বাইরের কোনো তারকার জন্য নয়, বরং আমাদের বর্তমান খেলোয়াড়দের ধরে রাখতে আমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে রাজি। আমাদের এখন চমৎকার একটি দল আছে।

স্পোর্টিং ডিরেক্টর ডেকোর কাজের প্রশংসা করে বার্সা সভাপতি জানান, অপ্রয়োজনীয় সাইনিং করে দলের ভারসাম্য নষ্ট করতে চান না তারা।

তিনি বলেন, আমাদের হাতে লেভানডফস্কি ও ফেরান তোরেসের মতো দক্ষ ফরোয়ার্ড আছে। এছাড়া দানি ওলমো, মার্কাস রাশফোর্ড বা ইয়ামালও ওই পজিশনে খেলতে পারে। যদি ডেকো মনে করেন কোনো বিশেষ সুযোগ আছে যা দলকে আরও উন্নত করবে, তবেই আমরা নতুন কারও কথা ভাবব।

সাক্ষাৎকারে লাপোর্তার প্রশংসার বড় অংশ জুড়ে ছিলেন তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। লা লিগার সবশেষ ম্যাচে হ্যাটট্রিক করা এই তারকাকে নিয়ে তিনি বলেন, প্রতিদিন সে তার সৃজনশীলতা দিয়ে আমাদের অবাক করছে। আতলেতিকোর বিপক্ষে সেই কর্নার থেকে করা অ্যাসিস্ট কিংবা ভিয়ারিয়ালের বিপক্ষে নান্দনিক গোল—সবই অসাধারণ। সে লা মাসিয়ার ফসল, আমাদের ঘরের ছেলে। তার পরিপক্বতা বয়সের তুলনায় অনেক বেশি। এই তরুণরা আমাদের জন্য এক মানবিক সম্পদ।

লাপোর্তা আরও জানান, ডেকোর দূরদর্শী পরিকল্পনায় ক্লাবের একঝাঁক তরুণ প্রতিভার ভবিষ্যৎ ২০৩০ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে নিশ্চিত করা হয়েছে। নির্বাচনের আগে বর্তমান দলকে ধরে রাখার এই কৌশল ক্লাব সদস্যরা কতটা ইতিবাচকভাবে গ্রহণ করেন, এখন সেটিই দেখার বিষয়।

বিডি-প্রতিদিন/সুজন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews