তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেপ্তার মডেল ও অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যার পরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান তিনি। কারাগার থেকে ছাড়া পাওয়ায় মেয়ে প্রকৃতির সঙ্গেই পবিত্র ঈদ উদযাপন করবেন কাজী নওশাবা আহমেদ। আগামী ২ অক্টোবর পর্যন্ত নওশাবাকে মেডিকেল গ্রাউন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে বলে তার আইনজীবী জানান।  




নওশাবার জামিন আদেশের পর তার আইনজীবী এএইচ ইমরুল কাওসার আরটিভি অনলাইনকে জানান, ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে তাকে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।




এর আগে গত সোমবার (২০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার জামিন নামঞ্জুর করেছিলেন। এদিন নওশাবার পক্ষে আইনজীবী এএইচ ইমরুল কাওসার ও শ্যামলকান্তি সরকার জামিন আবেদন করেন।




উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর জিগাতলায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অন্য যুবকদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ফেসবুকে লাইভে এসে দুই শিক্ষার্থীর মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার খবর দিয়েছিলেন নওশাবা; অথচ তখন তিনি ছিলেন উত্তরায় শুটিংয়ে। পরে আরেকটি ভিডিওতে নওশাবা দাবি করেছেন তিনি ভুল তথ্যে বিভ্রান্ত হয়েছিলেন। এর জন্য তিনি দুঃখও প্রকাশ করেছিলেন।




এদিকে অভিনেত্রী নওশাবার মুক্তি চেয়ে গত রোববার বিবৃতি দিয়েছে অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’। অন্যদিকে নওশাবার জামিনে মুক্তির আবেদন জানিয়ে গত রোববার পৃথক এক বিবৃতিতে সই করেছেন ৩৭ জন পেশাজীবী ও শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চারুকলা অনুষদের সাধারণ শিক্ষার্থী, স্থপতি, তরুণ চারুশিল্পী, পাপেটশিল্পী ও নাট্যকর্মী।




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews