দেশি-বিদেশি সব ব্র্যান্ড একসঙ্গে থাকায় ক্রেতার পছন্দের শীর্ষে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক। প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজানের ঈদ ঘিরে সব শ্রেণি-পেশার ক্রেতা ভিড় করছেন এই শপিংমলে। এক শোরুম থেকে আরেক শোরুম ঘুরে কিনছেন পছন্দের পোশাক। শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল এই শপিংমলে ভিড় থাকলেও রোজা রেখেও স্বাচ্ছন্দ্যেই কেনাকাটা করতে পারছেন ক্রেতারা। এছাড়া এক ছাদের নিচে পোশাক ছাড়াও গয়না, কসমেটিকস, ক্রোকারিজ, জুতা, পারফিউমসহ সব ধরনের পণ্য থাকায় ঈদের কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক।
এদিকে যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ।
শপিংমলের যে কোনো শোরুম থেকে ন্যূনতম ২০০০ টাকার পণ্য কিনলেই পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। লটারিতে প্রতিদিনই টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যসহ নানা আকর্ষণীয় ও নিশ্চিত পুরস্কার পেয়ে আনন্দ নিয়ে বাড়ি ফিরছেন তারা। এতে ক্রেতাদের ঈদ উৎসবে যোগ হয়েছে নতুন মাত্রা। শুক্রবার ছুটির দিন সকাল থেকেই প্রচুর মানুষের আগমন শুরু হয় যমুনা ফিউচার পার্কে। বিকালে শপিংমলের প্রবেশ মুখেই দেখা যায় গাড়ির বিশাল সারি। সন্ধ্যায় অনেকে শপিংমলের ফুডকোর্টে ইফতার সেরে আবার কেনাকাটার জন্য শোরুমে চলে যান।
এদিকে ইফতার শেষে ফের ঢল নামে আস্থার শপিংমল যমুনা ফিউচার পার্কে। মধ্যরাত পর্যন্ত চলে কেনাকাটা। এ সময় যমুনা ফিউচার পার্কের মেট্রো ফ্যাশন, দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুর, ইনফিনিটি, কে ক্রাফট, অঞ্জনস, আড়ং, জিন্স অ্যান্ড কোম্পানি, টুয়েলভ, রেড, জেন্টল পার্ক, টিনস ক্লাব, প্লাস পয়েন্ট, কান্ট্রি বয়, লা রিভ, আর্টিসান, টপ টেন মার্ট পোশাকের ব্র্যান্ড ও শপগুলোতে প্রচুর ক্রেতা সমাগম দেখা যায়। দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুর ও মেট্রো ফ্যাশনে গিয়ে দেখা যায়, নানা বয়সি ক্রেতার ভিড়। বাহারি ডিজাইনের পোশাক পছন্দে ব্যস্ত সবাই। প্রতিবছরের মতো এবারের ঈদেও পোশাকে বৈচিত্র্য এনেছে মেট্রো ফ্যাশন। ফ্যাশনে ফার্সি থ্রিপিস, সিগনেচার কালেকশন, শারারা, ঘারারা, ড্র্যাপ স্কার্ট, ইন্টো ওয়েস্টার্ন, লাচাসহ একাধিক কালেকশন। সকাল থেকে এ শোরুমে ভিড় করেছেন তরুণীসহ সব বয়সি নারীরা। পোশাকগুলো আরামদায়ক হওয়ায় ঘরে-বাইরে সব জায়গায় মানানসই। মেট্রো শোরুমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সাব্বির যুগান্তরকে বলেন, ঈদের বেচাবিক্রি শুরু হয়েছে। ভালোমানের ফেব্রিক্স দিয়ে স্টোনের মধ্যে বাহারি ডিজাইনের পোশাক আনা হয়েছে। ক্রেতারা এসে দেখছেন এবং পছন্দ করছেন। কিনেও নিয়ে যাচ্ছেন স্বাচ্ছন্দ্যে। মেট্রো শোরুমে যেসব পোশাক তোলা হয়েছে চাঁদরাত পর্যন্ত এসব পোশাকের ডিজাইন ও সাইজ রাখা হবে। যাতে সব ধরনের ক্রেতা পোশাক কিনে সন্তুষ্ট থাকেন।
শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুরের শোরুমে গিয়ে দেখা যায়, অন্যান্য পোশাকের সঙ্গে প্রায় ১৫ ভলিউমের নতুন এবং বাহারি ডিজাইনের নারী-পুরুষের পোশাক তোলা হয়েছে। পছন্দের পোশাক সংগ্রহ করতে ভিড় করছেন ক্রেতারা। মূলত মানের তুলনায় দাম সহনীয় থাকায় ক্রেতাদের পছন্দের শীর্ষে হুর। ঈদ ঘিরে শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুরে আয়োজন রয়েছে ফ্যামিলি পোশাকে। বাবা, মা ও আদরের সন্তানের জন্য রাখা হয়েছে একই ডিজাইনের পোশাক। পাশাপাশি মা-মেয়ের জন্যও একই ডিজাইনের পোশাক রয়েছে। সঙ্গে ছেলেদের শার্ট-প্যান্টের পাশাপাশি আকর্ষণীয় পাঞ্জাবিও তোলা হয়েছে। সব বয়সি ক্রেতারা নিজেদের পছন্দের এসব পোশাক সংগ্রহ করছেন। হুর শোরুমের ব্র্যাঞ্চ ম্যানেজার রাহাত খান যুগান্তরকে বলেন, ঈদ ঘিরে আমাদের শোরুমে প্রতি সপ্তাহেই নতুন নতুন কালেকশন আনা হচ্ছে। এখন পর্যন্ত ঈদ ঘিরে নতুন ১৫ থেকে ১৬ ধরনের নতুন ডিজাইনের পোশাক প্রদর্শন করা হয়েছে। ক্রেতার আস্থা থাকায় প্রথম রমজান থেকেই তারা ভিড় করছেন। তিনি বলেন, এক্সক্লুসিভ থ্রি-পিস, হুরাম থ্রি-পিস ও কুর্তি ক্রেতাদের জন্য প্রদর্শন করা হয়েছে। সব ধরনের পোশাক ক্রেতারা পছন্দ করছেন। এছাড়া ছেলেদের কাবলি কটি পাঞ্জাবি প্রদর্শন করা হয়েছে। ক্রেতাদের পছন্দসই হওয়ায় বিক্রিও ভালো হচ্ছে।
এদিন বিকালে আড়ংয়ের আউটলেটে গিয়ে দেখা যায়, শুধু ক্রেতা আর ক্রেতা। আছে শিশুরাও। যার যার পছন্দ অনুযায়ী পোশাক কিনছেন। মালিবাগ থেকে কেনাকাটা করতে এসেছেন সুমি সাহারা ও তার পরিবার। তিনি বলেন, যমুনা ফিউচার পার্কের আড়ংয়ের এ আউটলেটটি বিশাল এবং কালেকশনও অনেক। ছেলেমেয়ে ও তাদের বাবার জন্য ঈদ কেনাকাটা করতে এসেছি। ইতোমধ্যে কিছু পোশাক কেনাও হয়েছে।
যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. আলমগীর আলম বলেন, যমুনা ফিউচার পার্কে ক্রেতারা দেশি-বিদেশি সব ব্র্যান্ড একই ছাতার নিচে পাচ্ছেন। প্রথম থেকেই এখানে যারা ব্যবসা করছেন তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করছেন। আর ক্রেতারাও ভালোমানের পণ্য পাচ্ছেন। এজন্য সবার পছন্দের শীর্ষে এখন যমুনা ফিউচার পার্ক। তাই সবাইকে দক্ষিণ এশিয়ার এই সর্ববৃহৎ শপিংমলে এসে ঈদ কেনাকাটা করতে স্বাগত জানাচ্ছি।
সন্ধ্যায় কথা হয় কেনাকাটা করতে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাঈমার সঙ্গে। তিনি বলেন, আমরা আট বন্ধু মিলে ঈদের কোনাকাটা করতে এসেছি। দুপুর ১টা থেকে ঘোরাঘুরি করে পোশাক-জুতা কিনেছি। সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছি। এখানে কেনাকাটা করতে কোনো ধরনের ভোগান্তি নেই। এখানে দেশি-বিদেশি সব ব্র্যান্ড রয়েছে।
এদিকে এবারও যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। ঈদ ঘিরে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে ক্রেতাদের কোটি টাকার উপহার জেতার সুযোগ করে দেওয়া হয়েছে। ক্রেতারা যাতে সহজে উপহার পেতে পারেন-সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে খোলা হয়েছে গিফটের পৃথক বুথ। পণ্য ক্রয়ের রসিদে থাকা কিউআর কোড দিয়ে তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। এ ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত।