ক্রীড়া প্রতিবেদক : পিজিটিআই প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে ১ শটের আক্ষেপে পুড়েছেন বাংলাদেশের জামাল মোল্যা। ১৭ আন্ডার পার খেলে টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ভারতের যুবরাজ সিং সান্ধু। সেখানে ১৬ আন্ডার পার নিয়ে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জামালকে।
চণ্ডীগড় গলফ ক্লাবে হওয়া ৫০ লাখ রুপির এই আসরে প্রথম দুটি রাউন্ড দ্বিতীয় স্থানেই ছিলেন জামাল।
বিজ্ঞাপন
তৃতীয় রাউন্ডে যুগ্মভাবে শীর্ষে উঠে এসে শিরোপার সম্ভাবনা জাগান। ১৪ আন্ডার পার ছিল জামাল, যুবরাজ দুজনেরই। শেষ পর্যন্ত ১৭ আন্ডারে টুর্নামেন্ট জিতে নিয়েছেন ভারতীয় গলফার। জামাল পিজিটিআইয়ে এর আগে একমাত্র শিরোপাটি জিতেছিলেন কলকাতায়। চণ্ডীগড়ে দ্বিতীয় শিরোপার খুব কাছে গিয়ে ফিরলেন।