আগামী মার্চের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা করছে প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা রোসাটমের প্রকৌশলীরা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গত শুক্রবার পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শনে গেলে তারা এ তথ্য জানান। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রকৌশলীরা জানান, আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এ ফুয়েল লোডিং সম্পন্ন হবে এবং মার্চের শেষ দিকে ইউনিট-১ হতে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-১ হতে কার্যকরভাবে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা সব প্রকৌশলী ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক এ সময় উপস্থিত ছিলেন।