বিশ্বকাপের আগে দলে জায়গা করে নিতে হাঁটুর অস্ত্রোপচারের পর পুর্নবাসনের মধ্যে দিয়ে যাচ্ছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। এমন সময়ে বিশ্ব ফুটবলের বড় তারকার মুখে বড় স্বীকৃতি পেলেন রিয়াল মাদ্রিদের তরুণ তারকা আর্দা গুলার। নেইমারের মতে,বর্তমান সময়ের সেরা মিডফিল্ডার বলে আখ্যা দিয়ে তুর্কি বিস্ময়ের প্রশংসায় ভাসিয়েছেন।
নেইমারের কাছে প্রশ্ন ছিল, বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে তিনি কাকে দেখেন। এমন প্রশ্নে চমকপ্রদভাবে তার পছন্দে জায়গা পাননি ব্রাজিল জাতীয় দল কিংবা বার্সেলোনার কেউ। তিনি বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদের তুর্কি ফুটবলার আর্দা গুলেরকে।
সম্প্রতি তুরস্কের নারী ফুটবলার ও ইনফ্লুয়েন্সার আইজান ইয়ানাচের সঙ্গে এক আলাপচারিতায় সান্তোস তারকা নেইমার বলেন, ‘গুলের অসাধারণ একজন খেলোয়াড়। তার মধ্যে দারুণ কোয়ালিটি আছে। আমার মতে, এই মুহূর্তে সে-ই বিশ্বের সেরা মিডফিল্ডার।’
টেলিভিশন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেন, গুলারের খেলার মান তাকে বর্তমান সময়ের বিশ্বের সেরা মিডফিল্ডারদের কাতারে নিয়ে গেছে। কারণ গুলেরের প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও, ‘বিশ্বসেরা মিডফিল্ডার’ আলোচনায় সাধারণত তার নাম সবার আগে আসে না। তবে রিয়ালে গুলেরের সাম্প্রতিক পারফরম্যান্স তার প্রতি এই প্রশংসাকে আরো জোরালো করছে।
২০২৩ সালের জুলাইয়ে তুর্কি ক্লাব ফেনেরবাচে ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন গুলার। এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে ৮৮ ম্যাচে ১৫ গোল করার পাশাপাশি ১৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ১৬৯ ম্যাচে তার গোল ৩৮টি এবং অ্যাসিস্ট ৪৪টি। চলতি মৌসুমে লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে তিনি খেলেছেন ২৭ ম্যাচ। করেছেন ৩ গোল ও দিয়েছেন ৮টি অ্যাসিস্ট। পাশাপাশি কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার বোঝাপড়াও রিয়ালের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করেছে।
গুলেরকে সেরা বলায় স্বাভাবিকভাবেই বাদ পড়েছেন অনেক নামী মিডফিল্ডার। বার্সেলোনার পেদ্রিকে অনেকেই বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার মনে করেন। এছাড়া নেইমারের তালিকায় জায়গা হয়নি পিএসজির ভিতিনিয়া, লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যানচেস্টার সিটির রদ্রি, কিংবা এসি মিলানের অভিজ্ঞ লুকা মুদ্রচেরও। এমনকি রিয়াল মাদ্রিদের আরেক তারকা জুড বেলিংহামকেও অনেকে বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ডার মনে করেন।
বিডি প্রতিদিন/কামাল