‘সবকিছুতেই যেন মেয়েদের দোষ! এটা সংস্কৃতিগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে’—সুইডেন থেকে দেশে ফিরে ঢাকায় জনপরিসরে হেনস্তার শিকার হয়ে ক্ষুব্ধ কণ্ঠে এই উক্তি সুরাইয়া সুলতানা বীথির। নেত্র নিউজের বিশেষ প্রতিনিধি তিনি, কর্মসূত্রেই থাকেন সুইডেনে। আড়াই মাসের জন্য সম্প্রতি ফিরেছিলেন দেশে।
গত ১৫ এপ্রিল বনশ্রীর মেরাদিয়া বাজারে মা–বাবার সঙ্গে কেনাকাটার সময় হেনস্তার শিকার হন সুরাইয়া। তাঁর ভাষ্য অনুযায়ী, এক ব্যক্তি দীর্ঘ সময় ধরে তাঁর দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। বিরক্ত হয়ে তিনি ‘কী দেখেন’ জানতে চাইলে ওই ব্যক্তি মারমুখী হয়ে ওঠেন। প্রথমে বলেন, ‘তোর কী সমস্যা?’ এরপর আরও গালাগালি।
সুরাইয়া বলেন, একপর্যায়ে ওই ব্যক্তি মুঠোফোন বের করে কাউকে ডেকে মব তৈরি করার চেষ্টা করেন। তিনি তখন ঘটনাটি ভিডিও করতে শুরু করেন।